শ্রীলঙ্কা ঘুরে দেখা…
ভারত মহাসাগরের বুকে এক ফোটা অশ্রুবিন্দু কিংবা নাশপাতি বা আমের আকৃতির এক খণ্ড দ্বীপদেশ শ্রীলঙ্কা।
ভারতীয় উপমহাদেশের মূল ভূখণ্ড থেকে দেশটিকে বিচ্ছিন্ন করেছে মান্নার উপসাগর ও পল্ক প্রণালী।
শ্রীলঙ্কার উত্তর-পূর্বে বঙ্গোপসাগর, উত্তর-পশ্চিমে ভারতের সামুদ্রিক সীমান্ত এবং দক্ষিণ-পশ্চিমে মালদ্বীপ।
প্রাকৃতিক নৈসর্গ, ঐতিহাসিক ধর্মীয় স্থান এবং প্রত্নতাত্ত্বিক নিদর্শনে সমৃদ্ধ এই এশিয়ার দেশটিকে নিয়েই আজকের ভ্রমণ কড়চা।

নুওয়ারা এলিয়া…
মধ্য শ্রীলঙ্কার এই শহরটি ‘চায়ের দেশ’ এবং একই সঙ্গে ‘মিনি ইংল্যান্ড’ নামেও পরিচিত।
কারণ এখানে আছে ভিক্টোরিয়া পার্ক, লেক গ্রেগরি, হরতন প্লেইন্স ন্যাশনাল পার্ক, পেড্রো টি ফ্যাক্টরি, হাকগালা বোটানিক্যাল গার্ডেন, সীথা আম্মান মন্দির। চোখ ধাঁধানো দৃশ্যের অবতারণা করে লাভারস লিপ ফল্স এবং রাম্বদা ফল্স। এখানেই শেষ নয়, হাইকিংয়ের সময় আরও দেখা যায় আবেরদিন ঝরনা এবং সেন্ট ক্লেইয়ারস ঝরনা।

ক্যান্ডি…
শ্রীলঙ্কার এই শহরটি স্থানীয় বর্ণাঢ্য উৎসব ‘এসালা পেরাহেরা’র জন্য সুপরিচিত। শহরটি গড়ে উঠেছে একটি বিশাল হৃদকে কেন্দ্র করে। আর এই হৃদকে ঘিরেই রয়েছে এখানকার জনপ্রিয় দর্শনীয় স্থানগুলো।
এগুলোর মধ্যে সবচেয়ে বেশি আকর্ষণীয় বুদ্ধের দাঁতের জন্য বিখ্যাত ধর্মীয় স্থান টুথ রেলিক মন্দির।
সেখান থেকে হাঁটা দূরত্বেই পাওয়া যাবে পেরাডেনিয়ার রয়্যাল বোটানিক্যাল গার্ডেন।
হুলু নদীর জলপ্রপাতের নজরকাড়া দৃশ্য অমোঘ আকর্ষণে ভ্রমণপিপাসুদের কাছে টানে।
হাইকারদের কাছে ক্যান্ডির সেরা জায়গাগুলো হলো নাকল্স মাউন্টেন রেঞ্জ, হানথানা মাউন্টেন রেঞ্জ এবং আম্বুলুয়াওয়া টাওয়ার।

সিগিরিয়া…
প্রায় ২০০ কোটি বছর আগের এই প্রাচীন জায়গাটি শ্রীলঙ্কার ওয়ার্ল্ড হেরিটেজগুলোর একটি।
এখানকার বর্গাকৃতির দূর্গ দেখতে অনেক দূর-দূরান্ত থেকে পর্যটকরা আসেন। তারা অভিজ্ঞতা নিয়ে যান সর্পিলাকার ফ্রেস্কো ও কিংবদন্তির আয়না দেওয়ালের।
সিগিরিয়া মিন্নেরিয়া ন্যাশনাল পার্ক ঘুরে দেখার সময় পাহাড় থেকে নেমে আসা হাতির দলের সামনে পড়তে হয়।
কাছাকাছি পর্যটন স্থানগুলোর মধ্যে আরও রয়েছে সিগিরিয়া জাদুঘর, দাম্বুলা গুহা মন্দির, কাউদুল্লা ন্যাশনাল পার্ক এবং শ্রীলঙ্কার প্রাচীন রাজধানী মিহিনতালে।

অনুরাধাপুর…
ঐতিহাসিক মালভাথু ওয়া নদীর তীরে অবস্থিত এই শহরটি পৃথিবীর ইতিহাসে সবচেয়ে পুরাতন জনবসতির সাক্ষী হয়ে আছে। অনুরাধাপুরের সবচেয়ে বিস্ময়ের খোরাক যোগায় আট মহাস্থাপনা। নামের মতোই এটি ৮টি গুরুত্বপূর্ণ স্থাপনা নিয়ে গঠিত। এগুলো হলো রুয়ানওয়েলিশ্ব, শ্রীমহাবোধি, থুপারামায়া, অভয়গিরি, মিরিসাভেটিস্তূপ, লোভমহাপয়, দাগব, লংকারাম এবং জেতবনরাম।

অনুরাধাপুর, শ্রীলঙ্কা…
পুরাকীর্তিগুলোর মধ্যে জনপ্রিয়গুলো হলো ইশুরুমুনিয়া, রত্নপ্রাসাদ, রানীর প্রাসাদ ও মন্দির, দক্ষিণাস্তূপ, কিরিবাথ বিহার, মাগুল উয়ানা, কুট্টাম পকুনা, সেলাসেটিয়া, তোলুইলা মূর্তি, নাকবিহার, ও সমাধিমূর্তি।
এখানকার আরও একটি বিশেষ আকর্ষণ আওকনা বুদ্ধ, যেটি মূলত ৪২ দশমিক ৭ ফুট উঁচু গ্রানাইট পাথরের একটি বুদ্ধ মূর্তি।

অ্যাডামস পিক…
৭ হাজার ৩৫৯ ফুট উঁচু এই দুর্গম পর্বতটি বিশ্বজোড়া রোমাঞ্চপ্রেমীদের প্রিয় গন্তব্য।
এর চূড়ায় পাথরের উপর ৫ ফুট ১১ ইঞ্চির একটি পায়ের ছাপ আছে, যা শ্রী পদের নামে পরিচিত।
অ্যাডামস পিক, শ্রীলঙ্কা…
বলা হয়, পৃথিবীর প্রথম মানুষ স্বর্গ থেকে প্রথম এখানেই পতিত হয়েছিলেন।
ফলশ্রুতিতে সব ধর্মের অনুসারীদের কাছেই এটি একটি পবিত্র জায়গা। এই চূড়ায় উঠার রাস্তা মোট ৬টি।
এগুলো হলো রত্নপুরা-পালবাদালা, হাটন-নাল্লাথান্নি, কুরুভিটা-এরাথনা, মুরেওয়াত্তে, মুকুওয়াত্তে এবং মালিম্বোদা।
এ পর্যন্ত যারা অ্যাডামস পিক জয় করতে সক্ষম হয়েছেন তাদের কাছে নল্লাথান্নি এবং পালাবাদালা পথটা সবচেয়ে পছন্দের।
তবে অধিকাংশ তীর্থযাত্রী হ্যাটন দিয়ে উঠে রত্নপুরা হয়ে নেমে আসেন।
